কক্সবাজার মহাসড়ক ২ ঘন্টা অবরোধ ও ঘাতক বাস ভাঙচুর

স্টার লাইন পরিবহনের ধাক্কায় স্কুলছাত্রী আহত

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঈশা দাশ (১১) নামে এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এ সময় ঘাতক বাসটি আটক করে ব্যাপক ভাঙচুর করা হয়।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ইশা দাশ ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এবং একই ইউনিয়নের দাশ পাড়ার সুনীল দাশের মেয়ে।

স্থানীয় ও​ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিফিনের ছুটি হওয়ার পর ইশা তার সহপাঠীদের সঙ্গে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চট্টগ্রামগামী স্টার লাইন নামের পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকতার অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক তপন কান্তি চক্রবর্তী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ইশার মৃত্যু হয়েছে বলে অপপ্রচার করছেন। তবে সে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে। সকলকে তার জন্য আশীর্বাদ বা দোয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।

জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা ঘাতক বাসটি ব্যাপক ভাঙচুরের পাশাপাশি বাসের সিট খুলে মহাসড়কে এনে আগুন দিয়ে জ্বালিয়ে দেন।

আন্দোলনকারীরা অন্তত ২ ঘন্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখেন। তারা সেখানে ফুটওভার ব্রিজ ও গতিরোধক স্থাপনের দাবি জানান। ওই সময় মহাসড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

সাতকানিয়ার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার(এএসপি) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আন্দোলনকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘক্ষণ অবরোধের ফলে মহাসড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়াও ঘাতক বাসটি আমাদের হেফাজতে রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত হওয়ার পর শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে মহাসড়ক অবরোধ করেছিল। পরে আমরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৪