চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যেও দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ।
নিহতরা হলেন-দুঘটনা কবলিত মাইক্রোবাসের যাত্রী মোঃ ফেরদৌস আলম (৫৫), মিপতা (১৭), চালক মুন্না (৪০) এবং মোঃ হাসান (৩৮)। তারা সকলেই কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকার বাসিন্দা বলে জানা যায়। তারা চট্টগ্রামে মাইক্রোবাস যোগে একটি বিয়ের অনুষ্ঠানে আসছিলেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি কাভার্ডভ্যান কলেজ বাজার এলাকায় দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী মোঃ ফেরদৌস আলম এবং মিপতার মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চালক মুন্না এবং হাসান মৃত্যুবরণ করেন।
একই ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও সাতজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। তাদের মধ্যেও তিনজনের অবস্থা আশংকাজনক।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহতের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পর সড়কে যানচলাচলও স্বাভাবিক করেন।
এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ঘটনার প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












