শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব আজ থেকে শুরু হচ্ছে। গতকাল শনিবার তৃতীয় রাউন্ডের শেষ দিনে কোয়ার্টার ফাইনালের শেষ দুটি দল নিশ্চিত হয়েছে। দল দুটি হলো কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের শেষ দিনের প্রথম খেলায় কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ১–০ গোলে টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা শাহাদাত হোসেন আরেফিন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ কদম মোবারক স্কুলের শাহাদাত হোসেন আরেফিনের হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী যুব দল চট্টগ্রাম মহানগর সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী। বিকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ২–০ গোলে গভর্মেন্ট মুসলিম হাই স্কুলকে পরাজিত করে। বিজয়ী কুলগাঁওয়ের পক্ষে বিকাশ নাথ ও মো. মেহেরাজ হোসেন ১টি করে গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ কুলগাঁও স্কুলের মো. মেহেরাজ হোসেনের হাতে পুরস্কার তুলে দেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মফিজুল হক ভুঁইয়া। এদিকে আজ ১৩ সেপ্টেম্বর, রোববার দুপুর ২.১৫ টায় বাংলাদেশ রেলওয়ে ষ্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় এবং চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, বিকাল ৩.১৫ টায় : বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ এবং সালেহ জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের মধ্যে ১ম ও ২য় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল ১৪ সেপ্টেম্বর, সোমবার দুপুর ২.১৫ টায় মাইজপাড়া মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় এবং পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, বিকাল ৩.১৫ টায় কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় বনাম কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের মধ্যে ৩য় এবং ৪র্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।








