সময়ের সাক্ষী, চট্টগ্রামের কণ্ঠস্বর

তাওহীদুল ইসলাম নূরী | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৩৭ পূর্বাহ্ণ

একটি সংবাদপত্র কেবল প্রতিদিনের খবরের কাগজ নয়, বরং একটি জনপদের ইতিহাস, মানুষের আশাআকাঙ্ক্ষা, প্রাপ্তিপ্রত্যাশা ও পরিবর্তনের একটি আয়না। সেই অর্থে দৈনিক আজাদী চট্টগ্রামের জন্য একটি সংবাদপত্রের চেয়েও অনেক বেশি কিছু, দেশের নানান ইতিহাসের এক নীরব সাক্ষী। বিগত ছেষট্টি বছরের দীর্ঘ পথচলায় এটি হয়ে উঠেছে চট্টগ্রামের মানুষের সুখদুঃখ, সম্ভাবনা ও সংকটের অন্যতম বিশ্বস্ত মুখপত্র। চট্টগ্রামের প্রথম মুসলিম প্রকৌশলী খ্যাত ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেকের হাত ধরে ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর যাত্রা শুরু করা দৈনিক আজাদী স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র হিসেবে এ দেশের সংবাদপত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই চট্টগ্রামকে কেন্দ্র করে সংবাদ, ইতিহাস ও জনজীবনের কথা তুলে ধরার পাশাপাশি জাতীয় নানান ঘটনাপ্রবাহেরও সাক্ষী হয়ে আছে দৈনিক আজাদী। সময় বদলে গেছে, সংবাদ পরিবেশনের ধরন বদলেছে, প্রযুক্তির অভাবনীয় পরিবর্তন এসেছে। কিন্তু পাঠকের আস্থা অর্জনের যে পথ, দৈনিক আজাদী সেই পথেই তার দীর্ঘ যাত্রা অব্যাহত রেখেছে। চট্টগ্রামের বন্দর, শিল্প, ব্যবসাবাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, পরিবেশ কিংবা নগরজীবনের নানা সংকটসবকিছুর সঙ্গে দৈনিক আজাদীর পথচলা যেন একই সূত্রে গাঁথা। একটি জনপদের কথা বলার জন্য শুধু সংবাদ প্রকাশই যথেষ্ট নয়, প্রয়োজন মানুষের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা। দৈনিক আজাদীর দীর্ঘ পথচলায় সেই দায়বদ্ধতার প্রতিফলনই বারবার দৃশ্যমান হয়েছে। বর্তমান ইন্টারনেট নির্ভর বিশ্বে সংবাদমাধ্যম এক নতুন বাস্তবতার মুখোমুখি। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত বিস্তারে মুহূর্তেই একটি খবর ছড়িয়ে পড়ছে। কিন্তু তথ্যের এই বিপুল প্রবাহের মধ্যেও বিশ্বস্ততা, দায়িত্বশীলতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার প্রয়োজন আগের চেয়ে কোনো অংশে কমেনি, বরং অনেকাংশে বেড়েছে। চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের ধারক আমাদের প্রিয় অঙ্গন দৈনিক আজাদী সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে তার দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করুক, সময়ের সঙ্গে সঙ্গে আরও সমৃদ্ধ ও আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠুক৬৭তম বর্ষে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে এটাই একজন পাঠক হিসেবে আমার প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধআজাদীর প্রতি অফুরন্ত ভালোবাসা
পরবর্তী নিবন্ধদৈনিক আজাদী : সময়ের আয়নায় যার দীর্ঘ পথচলা