নেপালে ভয়াবহ বন্যায় গৃহহীন মানুষের পাশে ‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনে’র মানবিক উদ্যোগ

| শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ১:০৯ অপরাহ্ণ

নেপালের সাম্প্রতিক আকস্মিক বন্যায় অসংখ্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অনেক পরিবার হারিয়েছে তাদের ঘরবাড়ি, জীবিকা ও প্রয়োজনীয় নিত্যসামগ্রী। দুর্গত মানুষদের অনেকেই বর্তমানে খাদ্য, নিরাপদ পানি, প্রয়োজনীয় সামগ্রী ও অন্যান্য মৌলিক চাহিদার সংকটে রয়েছেন। অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটছে অসংখ্য পরিবারের।

এই সংকটময় সময়ে নেপালের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজন সম্মিলিত মানবিক উদ্যোগ। সেই দায়িত্ববোধ থেকেই নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন)। বাংলাদেশ, তুরস্ক, মরক্কো, গাজা ও আফগানিস্তানের পর এবার নেপালেও দুর্যোগকবলিত মানুষের জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

নেপালের নোয়াকুটের দেবীঘাট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১১ সেপ্টেম্বর থেকে মেহমানখানার কার্যক্রম শুরু হয়েছে। নেপালে নিবন্ধিত এনজিও ASH Sanstha Nepal-এর ব্যবস্থাপনায় পরিচালিত এ কার্যক্রমে প্রতিদিন অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। যেখানে প্রতিদিন প্রায় ২০০ মানুষের মাঝে খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়।

এছাড়াও বন্যায় অনেক পরিবার তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় সবকিছু হারিয়ে সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়েছে। মাথা গোঁজার ঠাঁই হারানো এসব পরিবারের পাশে দাঁড়াতে ৫০টি পরিবারের মাঝে নতুন তাঁবুর পাশাপাশি প্রতিটি পরিবারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সমন্বয়ে বিশেষ ভালোবাসার উপহার প্যাকেজ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—নতুন খাট, তোষক, কম্বল, বেডশিট, বালিশ, প্রেসার কুকার, রান্নার কড়াই, স্টিলের প্লেট ও গ্লাস, ছুরি,চপিং বোর্ড, ওয়াটার ডিসপেনসার, স্যানিটারি প্যাড, টুথপেস্ট, টি-শার্টসহ প্রয়োজনীয় নানা সামগ্রী।

এ বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানাই, দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে বিশ্বের যেকোনো প্রান্তের অসহায়, নির্যাতিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে মানবিক ভালোবাসা নিয়ে দাঁড়ানোর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবৌদ্ধগুরু সুমনালঙ্কার মহাথেরোর মৃত্যুতে পার্বত্য মন্ত্রীর শোক