দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু এবং এক হাজার ৪৯২ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন খুলনা বিভাগের; একজন করে আছেন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৩৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে চলতি মাসে প্রাণ গেছে ৪২ জনের। খবর বিডিনিউজের।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮১ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৫১ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩২৭ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৭৮ জন, চট্টগ্রামে ২০২ জন, খুলনায় ২৮৪ জন, ময়মনসিংহে ৮০ জন, রাজশাহীতে ১২২ জন, রংপুরে ৫৪ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন।











