চট্টগ্রামের সন্দ্বীপে পুলিশ কনস্টেবল জামালকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে আব্দুল করিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, একই এলাকার বাসিন্দা কনস্টেবল জামালকে অপহরণ করে চাঁদা দাবি করার অভিযোগে আব্দুল করিমের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ থাকায় তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মুছাপুর ইউনিয়নের নির্জন এলাকা হিসেবে পরিচিত ‘ধাম’কে কেন্দ্র করে একটি চক্র দীর্ঘদিন ধরে অপহরণ, আটকে রাখা, মারধর ও জিম্মি করে অর্থ আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকাটিতে কনস্টেবল জামালের মতো আরও কয়েকজনকে অপহরণ করে নিয়ে গিয়ে জোরপূর্বক ইয়াবা ট্যাবলেট হাতে ধরিয়ে দেওয়া এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ব্ল্যাকমেইল করার অভিযোগও স্থানীয়ভাবে উঠেছে।
আব্দুল করিমের বিরুদ্ধে গত বছর পিডিবির সাবেক ঠিকাদার মিলাদুদ্দিন মুন্নাকে ‘ধাম’ এলাকা থেকে তুলে নিয়ে মারধর, টাকা দাবি এবং তার সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তখন তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছিল বলে জানা গেছে।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার জানিয়েছেন, কনস্টেবল জামালকে অপহরণের ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।












