দেশের রকসংগীতের অন্যতম আইকন, ভক্তদের প্রিয় গুরু নগরবাউল জেমস। মঞ্চে জেমস মানেই উন্মাদনা, আর তার কণ্ঠে গান উঠলেই বয়সের সীমারেখা ভুলে একসঙ্গে মাতেন কয়েক প্রজন্মের শ্রোতা। সেই শ্রোতাদের টানেই প্রায় দুই মাস ধরে ইউরোপের বিভিন্ন দেশে সংগীত সফরে রয়েছেন জেমস। খবর বাংলানিউজের।
পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে বর্তমানে তিনি অবস্থান করছেন সুইডেনে। আজ রোববার সুইডেনে প্রবাসী বাংলাদেশিদের গান শোনাবেন রক তারকা। কনসার্টকে সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের সংগীতজীবন, নতুন প্রজন্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন জেমস। সেখানেই জানালেন, জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চান তিনি। জেমসের সংগীতজীবনের শুরু আশির দশকের শুরুর দিকে চট্টগ্রামে। ফিলিংস ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে পথচলা শুরু করে ১৯৮৭ সালে প্রকাশ করেন ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর নিজের স্বতন্ত্র গায়কী ও সুরের জাদুতে একের পর এক প্রজন্মের শ্রোতার হৃদয়ে জায়গা করে নেন তিনি। দীর্ঘ পথচলা নিয়ে জেমস বলেন, মঞ্চে উঠলে সময়ের পরিবর্তন কিংবা প্রজন্ম বদলের বিষয়টি তার খুব একটা মনে হয় না। তার ভাষায়, যখনই মঞ্চে দাঁড়াই, মনে হয় সবাই আগেরই শ্রোতা। এর মধ্যে যে সময় বয়ে যাচ্ছে, জেনারেশন চেঞ্জ হচ্ছে–এটা খেয়ালই করিনি। এখন মনে হয় অনেকগুলো জেনারেশনকে হয়তো গান শোনাতে পারছি।












