আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ৫২তম একাডেমিক কাউন্সিল সভা গতকাল শনিবার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল অনুমোদন, পাঠ্যক্রম উন্নয়ন ও সংশোধন, বিভিন্ন একাডেমিক প্রোগ্রামের পর্যালোচনা এবং শিক্ষার মান নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ২০২৫ সালের ১৮ অক্টোবর অনুষ্ঠিত ৫০তম এবং ২০২৬ সালের ২১ জানুয়ারি অনুষ্ঠিত ৫১তম (বিশেষ) একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এ ছাড়া ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল অনুমোদনের বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আইকিউএসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভিশন, মিশন ও উদ্দেশ্য সংশোধন, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং কারিকুলাম পর্যালোচনা ও সংশোধন কমিটি গঠনের নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) ও বিএইটিই–এর অ্যাক্রেডিটেশনসংক্রান্ত বিভিন্ন বিষয়ও সভায় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।
এ ছাড়া ইউজিসির নির্দেশনা অনুযায়ী আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক প্রোগ্রামের কারিকুলাম পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ ও প্রফেসর ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব.), ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান।
এ ছাড়া আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাইমুল আহসান খান, শরিয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রশিদ জাহেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মো. রাজু আহমেদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. নেজামুল হক, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কাওসার আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












