ইরানের ওপর যুক্তরাষ্ট্র প্রায় সর্বাত্মক নজরদারি চালাতে সক্ষম বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নজরদারি ইরান এড়াতে পারবে না দাবি করে তিনি বলেন, এমনকি ইরানিরা আমাদের নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারবে না। হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প একথা বলেন। খবর বিডিনিউজের।
তিনি আরও বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে সর্বসামপ্রতিক উত্তেজনা খুব বেশি দিন স্থায়ী হবে বলে তিনি মনে করেন না। ট্রাম্প সতর্ক করে দিয়ে এও বলেন, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনও সময় ইরানে আবার হামলা চালাতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুলাইয়ের পর গত বুধবার সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার ঘটনার পর ট্রাম্প এসব কথা বললেন। ওই হামলায় ইরানে অন্তত ১৮ জন নিহত ও প্রায় ১০৮ জন আহত হয়েছে।












