ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার

ডাক্তার দেখানোর জন্য বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন তিনি

| রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ৫:২৭ পূর্বাহ্ণ

রাজধানীতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার খেজুর বাগান সংলগ্ন সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে এক স্কুল শিক্ষক প্রাণ হারিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহত ৫৫ বছর বয়সী রনজিলা পারভিন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ফার্মগেইটে ইসলামিয়া চক্ষু হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে শনিবার ভোরে ঢাকায় এসেছিলেন বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম। গাবতলীতে বাস থেকে নেমে রিকশায় করে ফার্মগেইটে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে খেজুর বাগান সংলগ্ন সড়কে ছিনতাইকারীর খপ্পরে পড়েন তারা। খবর বিডিনিউজের।

ওসি বলেন, একটি বাইকে দুইজন এসে চলন্ত অবস্থায় ওই শিক্ষিকার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পরে তার মাথা ফেটে যায়। তখনই উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, তারা বাইক ও জড়িতদের শনাক্তে কাজ করছেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ৪০ কিলোমিটার যানজট