চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা–বাণিজ্যসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন মিরসরাই ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ এখানে যাতায়াত করেন। বারইয়ারহাটে পথচারীদের রাস্তা পারাপারের জন্য ওভারব্রিজ থাকলেও শিশু, বয়স্ক, অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য এটি ব্যবহার করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলে ব্যস্ত সড়ক পারাপারের ক্ষেত্রে সাধারণ মানুষকে দুর্ভোগ ও ঝুঁকির মুখে পড়তে হয়। জনসাধারণের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে বারইয়ারহাট এলাকায় একটি ফ্লাইওভার নির্মাণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সমীক্ষা ও কারিগরি যাচাই করে উদ্যোগ নিলে এ এলাকার যানবাহন চলাচল আরও স্বাভাবিক হওয়ার পাশাপাশি পথচারীদের দুর্ভোগও অনেকাংশে কমতে পারে। বারইয়ারহাটের ক্রমবর্ধমান জনসমাগম ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনা করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আনার জন্য অনুরোধ জানাচ্ছি। জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন।
সাজেদা আক্তার (সাজু)
শিক্ষার্থী,
ফেনী সরকারি কলেজ









