নিয়ন্ত্রণ হারা বাস ফুটপাতে, কেড়ে নিল দুটি জীবন

বালুছড়ায় কর্মস্থলে যাচ্ছিলেন তারা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

জীবিকার তাগিদে প্রতিদিনের চেনা পথ ধরে কর্মস্থলের দিকে হেঁটে যাচ্ছিলেন ৫৯ বছরের প্রবীণ অরুণ দাশ ও ২২ বছরের তরুণ আজিজুল হক জিপসি। কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও কারখানার মূল ফটক ছোঁয়া হয়নি তাদের। ঘড়ির কাঁটায় তখন সকাল পৌনে ৮টা; বেপরোয়া এক বাসের থাবায় কয়েক সেকেন্ডের ব্যবধানে নিভে যায় তাদের জীবনপ্রদীপ। গতকাল রোববার নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া ভিজ্যুয়াল গার্মেন্টসএর সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামহাটহাজারী সড়কে দ্রুতগতির ৩ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় ফুটপাতে। এসময় আহত হন ফুটপাত ধরে হেঁটে যাওয়া অরুণ, আজিজুল ও এক নারী। মুমুর্ষূ অবস্থায় অরুণ ও আজিজুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে অরুণ দাশকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। এছাড়া আইসিইউ ব্যাকআপের প্রয়োজনে আজিজুলকে তড়িঘড়ি করে স্থানান্তর করা হয় একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকদের শত চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিরতরে থমে যায় তার হৃদস্পন্দনও। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আহত নারী।

নিহত আজিজুল বালুছড়া এলাকার লয়াল টেঙটাইল ও অরুণ দাশ বালুছড়া ভিজ্যুয়াল গার্মেন্টসে কাজ করতেন। অরুণ দাশ জালালবাবাদ এলাকার সতীশ দাশের সন্তান। আজিজুল মীরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দক্ষিণ মুরাদপুর ফকিরবাড়ি এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাস ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে।

ভিজ্যুয়াল গার্মেন্টসের কর্মী মোহাম্মদ ওমর ফারুক সাংবাদিকদের বলেন, সকালে অরুণ ও আজিজুল হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় হাটহাজারীমুখী ৩ নম্বর রুটের একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে তারা দুজন ও এক নারী পথচারী আহত হন। আহত নারী প্রাথমিক চিকিৎসা নেন। অরুণকে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজিজুলের আইসিইউ প্রয়োজন ছিল। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পূর্ববর্তী নিবন্ধচবির ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি
পরবর্তী নিবন্ধবরকলে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু