গরমে খাল সাঁতরে বাড়ি ফেরা হলো না সায়েদের

৪০ দিন বয়সে মা হারানো শিশুটির পানিতে ডুবে মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় শিলক খালের পানিতে ডুবে মোহাম্মদ সায়েদ হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকার শিলক খালে এ ঘটনা ঘটে। সায়েদ হোসেন ওই এলাকার আবছার হোসেনের ছোট ছেলে এবং দুধপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলতে গিয়ে বাড়ি ফেরার পথে তীব্র গরমে স্টিল ব্রিজের ওপর দিয়ে হেঁটে না গিয়ে নিজের মতো করে সাঁতরে খাল পার হয়ে বাড়ি ফেরার চেষ্টা করছিল সায়েদ। এ সময় পানিতে ডুবে সে নিখোঁজ হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সারজা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা তারেক চৌধুরী বলেন, জন্মের মাত্র ৪০ দিন বয়সে সায়েদের মা মারা যান। এরপর কাঠুরিয়া বাবা আবছার হোসেন অত্যন্ত কষ্টে তিন ছেলেকে বড় করছিলেন। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল সায়েদ। অবুঝ এই শিশুটি ১১ বছর বয়সে এসে পানিতে ডুবে পরপারে চলে গেল।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ভারী বর্ষণে নিচু এলাকা প্লাবিত, পাহাড় ধস
পরবর্তী নিবন্ধচোরের তথ্যে মিলল অস্ত্র তৈরির সরঞ্জাম