হাঁটতে বের হয়ে ভীমরুলের কবলে

রাউজান ও চকরিয়ায় ২ জনের মৃত্যু

রাউজান ও চকরিয়া প্রতিনিধি | রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

রাউজান পৌর এলাকার ছিটিয়াপাড়ায় ভীমরুলের কামড়ে নাজিম উদ্দীন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় সঙ্গে থাকা মাহাবুবুল আলম নামে আরো একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল শনিবার সকালের দিকে এ ঘটনাটি ঘটেছে। নিহত নাজিম উদ্দীন ওই এলাকার অছি মিয়া সওদাগর বাড়ির মৃত বজল আহম্মেদের পুত্র।

স্থানীয়রা জানিয়েছেন, নাজিম ও মাহাবুব সকালে বাড়ি থেকে বের হয়ে একটি চা দোকানে বসেছিলেন। পরে দোকান থেকে বের হয়ে হেঁটে যাওয়ার পথে হঠাৎ এক ঝাঁক ভীমরুল তাদের আক্রমণ করে। এতে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে নাজিমকে আশক্সক্ষাজনক অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আহত মাহাবুবুল আলমকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়। তার অবস্থা আশক্সক্ষামুক্ত থাকায় তাকে ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাজান বলেন, ভীমরুলের কামড়ে আহত এক রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ইনফেকশন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত ইনজেকশন দেওয়া হয়। সাথে অন্যান্য ঔষধ সেবনের মাধ্যমে তাকে আশক্সক্ষামুক্ত করা হয়।

চকরিয়া : বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ভীমরুলের কামড়ে জান্নাত আরা (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া জান্নাত আরা উপজেলার আজিজ নগর ইউনিয়নের রোড পাড়া এলাকার মৃত আমিরুজ্জামানের স্ত্রী।

নিহতের নাতি শওকত হোসেন জানান, শুক্রবার সকালে তার নানী বাড়ির পিছনের দিকে হাঁটতে বের হন। এসময় আকস্মিকভাবে তাকে ভীমরুলের দল আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সন্ধ্যার পর তার অবস্থা আবারো অবনতি হতে শুরু করলে তাকে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিৎিসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন ভিমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। পরিবারের বয়োবৃদ্ধ ব্যক্তির এমন মর্মান্তিক মৃত্যুতে আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানতে চাইলে ডা. কফিল উদ্দিন জানান, ভীমরুলের কামড় অনেক সময় সাধারণ মনে হলেও কিছু কিছু ক্ষেত্রে প্রাণঘাতিও হয়ে উঠতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং যাদের শরীরে এলার্জি ও শ্বাসকষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। এক্ষেত্রে দ্রুত চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু ঘটতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবর্তমানের আট গুণ বড় মহানগরের নকশা
পরবর্তী নিবন্ধলবণ চাষে ব্যবহৃত কুতুবদিয়ার ১১৩.৫৬ একর জমি বিসিকের অনুকূলে হস্তান্তরের উদ্যোগ