খাগড়াছড়িতে জেল পালানো আসামি ৯ মাস পর গ্রেপ্তার

নগরীর লালখান বাজারে আত্মগোপনে ছিলেন

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৮:৫৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. শফিকুল ইসলামকে (২৪) চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ও চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শফিকুল ইসলাম খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৯ নভেম্বর খাগড়াছড়ি জেলা কারাগারে আটক থাকা অবস্থায় কৌশলে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান শফিকুল ইসলাম। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাশ কিসলু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শফিকুলের অবস্থান শনাক্ত করা হয়। তিনি চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে সিএমপি পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। পরে শফিকুলকে আদালতে নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআজ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে
পরবর্তী নিবন্ধ৩৯ বছরেও সংস্কার হয়নি যে স্বাস্থ্য কমপ্লেক্স