ইআরএলের এমডি পদে আরো দুই বছরের জন্য নিয়োগ পেলেন ইঞ্জিনিয়ার শরীফ হাসনাত

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৮:৫৫ পূর্বাহ্ণ

দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির (ইআরএল) ব্যবস্থাপনা পরিচালক পদে আরো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বর্তমান এমডি ইঞ্জিনিয়ার মো. শরীফ হাসনাত।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স৩ শাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত অনুমোদনের কথা জানানো হয়। সিনিয়র সহকারী সচিব শাহিনা আক্তারের সই করা চিঠিতে বিষয়টি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নিয়মিত চাকরি শেষে অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংক্রান্ত সুবিধাদি স্থগিত রাখার শর্তে শরীফ হাসনাতকে ইআরএলের এমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আগামী ২২ আগস্ট অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।

এতে বলা হয়, নিয়মিত চাকরি থেকে অবসর নেওয়ার ঠিক আগের মাসে পাওয়া সর্বশেষ মূল বেতনকে ভিত্তি করে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের জন্য প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী তাঁর বেতনভাতা নির্ধারণ করা হবে। বিপিসির ১৯ আগস্টের একটি চিঠির সূত্র উল্লেখ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসির ফল আগামী নভেম্বরের মাঝামাঝি
পরবর্তী নিবন্ধআজ দেশে ফিরছে ছয় মরদেহ