অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর দেওয়ান বাজারস্থ মহানগরী জামায়াতের কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, জনগণের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে সরকারকে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকল গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ইউনুস, নগর সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, মাওলানা মমতাজুর রহমান ও হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম আজম, মহানগরী দক্ষিণ শাখার অফিস সম্পাদক তানভীর মোস্তফা। বক্তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে লংমার্চে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












