ম্যাকাইয়ে ইতিহাস পাল্টাতে পারবে বাংলাদেশ?

কাল দ্বিতীয় টেস্ট শুরু সকাল ৬টায়

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই পেয়েছে নয় উইকেটের জয়। সেই জয়ের আত্মবিশ্বাস এখন সঙ্গে নিয়ে ম্যাকাইয়ে আরও একটি টেস্ট ম্যাচ খেলতে নামার অপেক্ষাতে বাংলাদেশ। সিরিজ জয়ের হাতছানির সঙ্গে ১৩৯ বছরের পুরোনো এক ইতিহাস বদলে দেওয়ার সুযোগ নাজমুল হাসান শান্তর দলের সামনে। শনিবার গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ডারউইনে জয়ের পর বাংলাদেশ ২০ ব্যবধানে সিরিজ জিতলে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই করার কীর্তি গড়বে।

এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৮৮৭ সালে। এরপর ঘরের মাঠে ১১০টি একাধিক ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। কিন্তু কোনো দল তাদের আর ধবলধোলাই করতে পারেনি। তবে ১৩৯ বছরের ইতিহাস বদলের স্বপ্ন দেখলেও বাস্তবতাটা বেশ কঠিন জানেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ডারউইনের জয়ের পর অস্ট্রেলিয়া আরও শক্তভাবে ঘুরে দাঁড়াবে, এমন সতর্কবার্তাই দিয়েছেন শিষ্যদের। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন, ‘আমি তাদের শুধু একটা কথাই বলেছি, অস্ট্রেলিয়া এবার আরও শক্তভাবে ফিরে আসবে। তাই আমাদের হয় আগের পারফরম্যান্সের সেই মান ধরে রাখতে হবে, নয়তো আরও একটু ভালো করতে হবে। কোনো কোনো জায়গায় যদি আমরা মাত্র এক শতাংশও উন্নতি করতে পারি, সেটাও আমাদের জন্য ভালো হবে। আমরা জানি, তারা তাদের খেলার ধরন বদলাবে এবং আরও কঠিনভাবে আমাদের চ্যালেঞ্জ জানাবে।’ ডারউইনের জয় যে দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে, সেটিও স্বীকার করেছেন সিমন্স। তবে সেই আত্মবিশ্বাস যেন আত্মতুষ্টিতে পরিণত না হয়, সেটিই এখন তার ভাবনায়, ‘টেস্ট ম্যাচ জিতলে তো কিছু আত্মবিশ্বাস পাবেনই। আমরা ভালো খেলেছি। ভালো একটি টেস্ট ম্যাচ জিতেছি। ফলে আত্মবিশ্বাস অনেক বেশি আছে।’ ডারউইনে বাংলাদেশের পারফরম্যান্সকে নিখুঁত বলেই মনে হয়েছে সিমন্সের। তবে দ্বিতীয় টেস্টে সেই একই পারফরম্যান্স ধরে রাখার পাশাপাশি আরও উন্নতির জায়গা খুঁজছেন তিনি। কারণ অস্ট্রেলিয়া এবার নিজেদের পরিকল্পনায় পরিবর্তন আনবে, সেটি বেশ ভালোভাবেই জানেন বাংলাদেশের কোচ, ‘আমরা জানি, অস্ট্রেলিয়া তাদের খেলা বদল করে আমাদেরকে চেপে ধরবে।’ অস্ট্রেলিয়ার সেই চাপ সামলানোর অন্যতম উপায় হিসেবে বাংলাদেশের ব্যাটিংয়ের ওপর জোর দিচ্ছেন সিমন্স। তার পরিকল্পনা পরিষ্কার; লম্বা সময় ব্যাট করে প্রতিপক্ষকে চাপে রাখা, ‘প্ল্যান হচ্ছে ব্যাট করে যাওয়া। টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা। যদি আমাদের দল পাঁচ দিনের মধ্যে তিন দিনই ব্যাট করতে পারে, তাহলে অবশ্যই অন্য দল চাপে থাকবে।’ প্রথম ইনিংসে বড় সংগ্রহের গুরুত্বও আলাদা করে তুলে ধরেছেন তিনি। তার মতে, শুরুতেই বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া সহজ হয়, ‘আমরা চেষ্টা করছি প্রথম ইনিংসে যেন বড় রান তুলতে পারি, যেন অন্য দলকে আমাদের রানের কাছাকাছি যেতে অনেক কষ্ট করতে হয়।’ ডারউইনের জয়ের পর বাংলাদেশের সমর্থকদের আবেগও ছুঁয়েছে এই জয়। তবে সিমন্স নিজেকে আবেগের বাইরে রেখে দলের পরবর্তী চ্যালেঞ্জেই মনোযোগ দিচ্ছেন। তার চোখ এখন ম্যাকাইয়ের মাঠে। ম্যাকাইয়ে আরেকটি জয় নিশ্চিত করবে সিরিজ জয়, আর সঙ্গে খুলে দেবে ১৩৯ বছর ধরে অক্ষত থাকা অস্ট্রেলীয় ইতিহাসের একটি পাতা। সেই পাতায় বাংলাদেশের নাম উঠবে কি না, উত্তর মিলবে কাল ২২ আগস্ট থেকে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

পূর্ববর্তী নিবন্ধসরাইপাড়া, পাঠানটুলী, বেগমজান ও পতেঙ্গা স্কুলের জয়
পরবর্তী নিবন্ধবিপিএল এ বছর হচ্ছে না : বিসিবি সভাপতি