একসঙ্গে আজ শুক্রবার হলিউডের দু’টি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে দেশের স্টার সিনেপ্লেক্সে। ভৌতিক সিনেমার ভক্তরা প্রস্তুতি নিয়ে নিতে পারেন ইনসিডিয়াস ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা দেখার জন্য। খবর বাংলানিউজের। এবারের সিনেমার নাম ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’। হাড় হিম করা ভয়ানক এক কাহিনী নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তির আগেই আলোচনার সৃষ্টি করেছে। সেই সাথে আসছে জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি পাও পেট্রোল–এর তৃতীয় সিনেমা ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’। জুরাসিকের মত ডাইনোসর, আগ্নেয়গিরি এবং একের পর এক উদ্ধার অভিযান মিলিয়ে দারুণ এক অ্যাডভেঞ্চার থাকছে সিনেমায়। ইনসিডিয়াস ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলো যারা দেখেছেন তারা নতুন কিস্তির জন্য অপেক্ষা করেছিলেন। সবশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’–এর পর এই অপেক্ষার শুরু। এমনিতেই ভৌতিক সিনেমার আলাদা ভক্ত শ্রেণী রয়েছে। তাদের কাছে এসব ফ্র্যাঞ্চাইজির আবেদন বরাবরই থাকে। ইনসিডিয়াস সেই আবেদন ধরে রেখেছে। যার ধারাবাহিকতায় এবার সনি পিকচার্স নিয়ে এসেছে ফ্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’। জ্যাকব চেজ পরিচালিত একটি আমেরিকান অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা এটি। এতে অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ, ব্র্যান্ডন পেরিয়া, মেইজি রিচার্ডসন–সেলার্স এবং লিন শে পূর্ববর্তী সিনেমা থেকে তার চরিত্রে পুনরায় অভিনয় করেছেন। জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি পাও পেট্রোল–এর তৃতীয় সিনেমা ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাও পেট্রোল: দ্য মাইটি মুভি’–এর সিক্যুয়েল এটি। ক্যাল ব্রুঙ্কার পরিচালিত সিনেমার বিভিন্ন চরিত্রে কন্ঠ দিয়েছেন কার্টার ইয়ং, ম্যাকেনা গ্রেস, টেরি ক্রুস, জেনিফার হাডসন, ফরচুন ফেইমস্টার, জামিলা জামিল, প্যারিস হিলটন, সুপ ডগ এবং হেনরি বোলান।












