ফটিকছড়ি উত্তর ও ফটিকছড়ি পুনর্গঠন সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ভৌগোলিক ও প্রশাসনিক মানচিত্রে যুক্ত হয়েছে নতুন উপজেলা ফটিকছড়ি উত্তর। ফটিকছড়ি উপজেলাকে দুই ভাগে বিভক্ত করে এই নতুন প্রশাসনিক উপজেলা গঠন এবং অবশিষ্ট অংশ নিয়ে মূল ফটিকছড়ি উপজেলা পুনঃগঠনের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে। গত ১৭ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব হেলেনা পারভীন রাষ্ট্রপতির আদেশক্রমে এই সংক্রান্ত চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেন।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই গেজেট প্রকাশ করা হয়। এর মাধ্যমে দেশের ৫০১তম প্রশাসনিক উপজেলা হিসেবে ফটিকছড়ি উত্তরের আনুষ্ঠানিক যাত্রা নিশ্চিত হলো। চূড়ান্ত গেজেট অনুযায়ী, মূল ফটিকছড়ি উপজেলার উত্তরাঞ্চলের মোট ৬টি ইউনিয়ন বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল নিয়ে নতুন ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে।

নতুন এই উপজেলার প্রশাসনিক কেন্দ্র বা সদর দপ্তর স্থাপনের জন্য ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর মৌজা (বর্তমান ভূজপুর থানার পাশে) নির্ধারণ করা হয়েছে। এই উপজেলার দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র কার্যালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরের পদ অনুমোদন দেওয়া হয়েছে।

উত্তরাঞ্চলের ৬টি ইউনিয়ন আলাদা হয়ে যাওয়ার পর অবশিষ্ট অংশ নিয়ে মূল ফটিকছড়ি উপজেলাকে পুনঃগঠন করা হয়েছে। পুনর্গঠিত মূল ফটিকছড়িতে থাকছে ১২টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা (ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা)। এর প্রশাসনিক কেন্দ্র পূর্বের ন্যায় বর্তমান ফটিকছড়ি সদরেই বহাল থাকছে।

চূড়ান্ত গেজেট প্রকাশের মধ্য দিয়ে এই নতুন উপজেলার আইনি ভিত্তি সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হলেও নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলায় সুয়াবিল ইউনিয়নের অন্তর্ভুক্তি এবং পশ্চিম ভূজপুর মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপনের কার্যক্রমের উপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। তবে উত্তর উপজেলার অন্যান্য প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে।

গতকাল বুধবার বিচারপতি আহমেদ ফয়সাল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। উত্তর ফটিকছড়ির তিন ইউনিয়নের পক্ষে করা রিটের আইনজীবী সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় চিকিৎসকের ওপর হামলা : চাঁদা চাওয়া হয়েছিল ‘ডেভিড ইমনের নামে’
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মতো নৌযান শুমারি শুরু আজ