বেসরকারি এমপিওভুক্ত স্কুল–কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুক্রবার (২১ অগাস্ট) থেকে শুরু হচ্ছে। আগামী ২৭ আগস্ট পর্যন্ত শিক্ষকরা অনলাইনে এ আবেদন করতে পারবেন বলে গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওয়েবসাইটে (http://ngttdshe teletalk.com.bd/#/login) প্রবেশ করে শিক্ষকদের বদলির আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারের সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। খবর বিডিনিউজের। বদলির নীতিমালা অনুযায়ী, স্বংয়ক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই শেষে কর্তৃপক্ষ বদলির আদেশ জারি করবে। শিক্ষকরা নিজ জেলার বদলির আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্যপদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। শিক্ষকরা স্বামী বা স্ত্রীর নিজ জেলা বা সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত বা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রীর জেলায় বদলির আবেদন করতে পারবেন। বদলির সফটওয়্যারে প্রতিষ্ঠানের দেওয়া তথ্যে ভুল থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও আবেদনকারী শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে জানিয়েছে অধিদপ্তর। অধিদপ্তর বলছে, চাকরির দুই বছর পূর্ণ হলে শিক্ষকরা বদলির আবেদনের জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর কমপক্ষে দুই বছর নিয়োজিত থাকার পর পরের বার বদলির আবেদন করতে পারবেন।











