সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত। একজন সাধারণ গৃহিণী থেকে রাজনীতিতে এসে তিনি তাঁর জীবনের অধিকাংশ সময় ক্ষমতার বাইরে থেকেও আন্দোলনের মধ্য দিয়ে কাটিয়েছেন। প্রায় ৩০ বছর তিনি আপসহীনভাবে গণতন্ত্রের পক্ষে রাজপথে সংগ্রাম চালিয়ে গেছেন। কঠিন রাজনৈতিক বাস্তবতায় যখন অনেকেই আপস করেছেন, তখন বেগম খালেদা জিয়া শুরু থেকে শেষ পর্যন্ত এক মুহূর্তের জন্যও আপস করেননি। এই জায়গাতেই তিনি অন্যদের থেকে আলাদা। তিনি ছিলেন মানবতার প্রতীক।
তিনি গতকাল সোমবার কানাডার রেডহট তান্দুরী রেস্টুরেন্টের হলরুমে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে কানাডা পশ্চিম বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপসি’ত সকল নেতাকর্মী ও প্রবাসীবৃন্দ বেগম খালেদা জিয়ার মহানুভবতা ও দেশপ্রেমের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কানাডা পশ্চিম শাখা বিএনপির সভাপতি আবদুল আহাদ খন্দকারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডা পশ্চিম বিএনপি নেতা মাহবুব চৌধুরী, নাহিদ আহমেদ, জাকির খান, ইমন চৌধুরী, মাহবুব চৌধুরী রনি, আবদুল রহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












