বাংলাদেশ কোস্টগার্ড কুতুবদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ২৫০ বস্তা সিমেন্ট, ৬০ বস্তা সারসহ একটি বোট জব্দ করেছে। গতকাল সোমবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত রোববার দুপুর ১২টার দিকে কঙবাজারের কুতুবদিয়া থানাধীন দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন কুতুবদিয়া। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার পাওয়া যায়। এ সময় পাচারের কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মালামাল ও পাচারের কাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।











