জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের নতুন মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার প্রসিকিউশনের এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর বিচারক মঞ্জুরুল বাছিদ। অন্য মামলায় কারাগারে থাকা এ তিন সাংবাদিককে আগামী ২৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ হাজির করতে বলা হয়েছে। খবর বিডিনউজের।
প্রসিকিউশন ট্রাইব্যুনালকে বলেছে, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তিন সাংবাদিক শেখ হাসিনাকে অপরাধে প্ররোচনা দিয়েছিলেন। চীন সফর নিয়ে সরকারি বাসভবন গণভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ট্রাইব্যুনালের কৌঁসুলি ফারুক আহাম্মদ শুনানিতে বলেন, ২০২৪ সালের জুলাই–অগাস্ট অভ্যুত্থান ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত টকশো বা অন্যান্য অনুষ্ঠানে উসকানিমূলক বক্তব্য দেন সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা।
এ ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে ইতোমধ্যে এই তিন সাংবাদিকের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত সংস্থা। এ কারণে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট বা হাজিরা করার নির্দেশ চাওয়া হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করে এবং তাদের হাজির করার নির্দেশ দেয়।











