রিকশার ব্যাটারি চার্জ করতে হবে সৌরবিদ্যুতে, বিধিমালা হচ্ছে

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ৯:৩৪ পূর্বাহ্ণ

ব্যাটারিচালিত ইরিকশা বা অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের ওপর যে চাপ তৈরি হয়েছে, তা লাঘব করতে সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্ত রেখে বিধিমালা করার কথা বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ব্যাটারিচালিত ইরিকশাগুলো আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন এবং পৌরসভার আওতায় রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসছি। সেখানেই কিছু শর্ত দেওয়া হবে। বিধিমালায় শর্ত থাকবে, এসব রিকশার ব্যাটারি শুধু সৌরবিদ্যুতের মাধ্যমেই চার্জ করতে হবে। এর বাইরে অন্য কোনো উপায়ে ব্যাটারি চার্জ দিলে রিকশার নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধন নবায়নও করা হবে না।

সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ইরিকশার ব্যাটারি চার্জ করলে জরিমানার বিধানও করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন মীর শাহে আলম। খবর বিডিনিউজের।

তিনি বলেন, জাতীয় সংসদে এ বিষয়ে আইন পাস হয়েছে এবং সেই আইনের আলোকে বিধিমালা তৈরি করা হচ্ছে। বিধিমালায় নিবন্ধন ফি, নবায়ন ফি এবং অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজনসম্পৃক্ততা ও নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নই সরকারের বড় সাফল্য : মাহদী আমিন
পরবর্তী নিবন্ধদুই বছর পর চক্রের মূল হোতা গ্রেপ্তার