ঘুমের মধ্যেই মারা যান অভিনেত্রী অনন্যা

| সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। এক বছরেরও বেশি সময় শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগার পর গেল ১৫ জুলাই রাতে ঘুমের মধ্যে মৃত্যু হয় তার। খবরটি সমপ্রতি প্রকাশ্যে এনেছে অভিনেত্রীর পরিবার। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক বিবৃতিতে এই হৃদয়বিদারক খবরটি জানিয়েছে অনন্যার পরিবার। একইসঙ্গে তাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা অনন্যার পরিবার।

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি যে, গত ১৫ জুলাই প্রথম প্রহরে মারা গেছেন অনন্যা। ঘুমের মধ্যে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন। একজন যোদ্ধার মতো সেসবের বিরুদ্ধে লড়াই করছিলেন অনন্যা।

এছাড়াও সেখানে বলা হয়েছে, অনন্যা খুবই শক্ত মনের মানুষ ছিল এবং রানির মতো জীবনযাপন করেছে। তার শূন্যতা খুব গভীরভাবে অনুভব করব। আমরা তার আত্মার জন্য প্রার্থনা করার অনুরোধ করছি। প্রসঙ্গত, অনন্যা হিন্দি ও আঞ্চলিক উভয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নিজস্ব পরিচয় তৈরি করেছিলেন। মুম্বাইতে বেড়ে ওঠা এই অভিনেত্রী চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে বিনোদন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। ২০১৬ সালে ‘৭ আওয়ার্স টু গো’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেন অনন্যা। তারপর ‘দ্য ফাইনাল এক্সিট’ (২০১৭) এবং ‘ঘোস্ট’ (২০১৯) চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও তেলেগু চলচ্চিত্র ‘থগ্‌গেদে লে’ এবং ত্রিভাষিক চলচ্চিত্র মাদ্রাজ গ্যাং’র মতো প্রজেক্টে কাজ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের টেস্ট ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয় : শান্ত
পরবর্তী নিবন্ধভয়েস হান্ট সিজন-৩ এর গ্রুমিং সেশন