আনোয়ারায় ১৫ আগস্ট পালন উপলক্ষে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পিএস রিদোয়ানুল করিম চৌধুরী সায়েমসহ আওয়ামী লীগের ৩৫ জন নেতার নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী মামলা দায়ের করেছে পুলিশ। নামোল্লেখ ছাড়াও এ মামলায় অজ্ঞাত আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে। গতকাল রবিবার আনোয়ারা থানার উপ–পরিদর্শক (এসআই) আলমগীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনোয়ারা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আতাউল আমিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিক্ষার্থী মামলার এজাহারভূক্ত প্রধান আসামি বলে জানা গেছে।
মামলায় অন্য অভিযুক্তরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি শাহজাদা এসএম মহিউদ্দিন, বারশত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, সাবেক ভূমিমন্ত্রী জাবেদের এপিএস এড. ইমরান হোসেন বাবু, উপজেলা যুবলীগ নেতা রেজাউল করিম আনিছ, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম. নজরুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় আরো অজ্ঞাত ৪০–৪৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে আনোয়ারা সদর ইউনিয়নের কলেজ রোড এলাকায় ১৫ /২০ জন যুবক ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করে। মিছিলকারীদের হাতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ছবিযুক্ত একটি ব্যানার ছিল। মিছিলের ছবি ওইদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে থানা পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। একজন গ্রেপ্তার রয়েছে।












