চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারো দুটি বড় বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত বা জাহাজে পানি ঢোকার মতো ঘটনা ঘটেনি। দুইটি জাহাজেরই সব নাবিক নিরাপদে রয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, আলফা অ্যাংকরেজে সিমেন্ট তৈরির কাঁচামাল স্ল্যাগবাহী জাহাজ ‘এমভি আনাসসা’ প্রবল স্রোতের কারণে নোঙর করে রাখা ‘এমভি জাহাব জাহান’ জাহাজের সামনের
অংশে গিয়ে লেগে যায়। তবে এতে জাহাজ দুইটির তেমন কোনো ক্ষতি হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, এতে কোনো হতাহত, পানি প্রবেশ বা পরিবেশ দূষণের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই উভয় জাহাজ নিরাপদে আলাদা হয়ে নোঙর করে এবং বর্তমানে নৌ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জাহাজ দুইটির ২১ জন নাবিক নিরাপদ আছেন।
এর আগে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টায় প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল বহনকারী ট্যাংকার এমটি সি স্পাইকের সঙ্গে নোঙর করে থাকা বাল্ক ক্যারিয়ার এমভি সানশাইন নামের জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এমটি সি স্পাইক জাহাজটিকে মেরামত করা হচ্ছে।












