ঘটনাস্থলে রেখেই চলছে ক্ষতিগ্রস্ত ট্যাংকার মেরামতের কাজ

দুই জাহাজের সংঘর্ষ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৬:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে সংঘটিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেলবাহী ট্যাংকার ‘এমটি সি স্পাইক’ ঘটনাস্থল থেকে সরানো হয়নি। জাহাজটি যেখানে নোঙর করা অবস্থায় রয়েছে, সেখানেই মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হওয়ার পর জাহাজটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

গতকাল শনিবার বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত জাহাজটির মেরামতের দায়িত্ব শিপিং এজেন্ট প্রাইড শিপিং একটি সেলভেজ কোম্পানিকে দিয়েছে। ওই কোম্পানি ইতোমধ্যে মেরামতের কাজ শুরু করেছে।

তিনি বলেন, ‘এমটি সি স্পাইক’কে আপাতত সরানোর প্রয়োজন দেখা দেয়নি। জাহাজটি যেখানে ছিল, সেখানেই রেখে মেরামতের কাজ চলছে। কাজ শেষ হওয়ার পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্ঘটনার পর থেকে বন্দর, নৌবাহিনী ও কোস্টগার্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, গত শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে নোঙর করে থাকা বাল্ক ক্যারিয়ার ‘এমভি সানশাইন’ এর সঙ্গে তীব্র স্রোতের চাপে ৩৩ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার ‘এমটি সি স্পাইক’ এর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্যাংকারটির ইঞ্জিন রুমে ফাটল সৃষ্টি হয়। তবে দুর্ঘটনার পর প্রাথমিকভাবে জাহাজটির কার্গো ট্যাংকে কোনো পানি প্রবেশের ঘটনা ঘটেনি। একই সঙ্গে ট্যাংকার থেকে কোনো ধরনের তেলও ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ওই সময় সাগর ও নদীতে তীব্র স্রোত ছিল। এর প্রভাবেই নোঙর করা জাহাজটির সঙ্গে ট্যাংকারটির সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করেন। অন্যদিকে সংঘর্ষে জড়ানো ‘এমভি সানশাইন’ বড় ধরনের ক্ষতির মুখে পড়েনি। দুর্ঘটনার দিনই জাহাজটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ট্যাংকারটি নিরাপদে রাখা, সম্ভাব্য তেল দূষণ ঠেকানো এবং বন্দরের নৌ চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে আ.লীগ সমর্থকের বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ
পরবর্তী নিবন্ধচাকরির পরীক্ষা দিতে বাড়ি আসার কথা ছিল রানার, এলো লাশ