পায়ের সাথে বিশেষ কায়দায় স্কচটেপ পেঁচিয়ে ইয়াবা পাচারকালে পটিয়ায় রোহিঙ্গা নাগরিকসহ দুইজনকে আটক করেছে চট্টগ্রাম র্যাব। গত বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে সিএনজিচালিত টেক্সি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন টেকনাফ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত বদি আলমের পুত্র মো. জাফর আলম (৩৫), উখিয়া থানার চাকবৈঠা এলাকার আবুল হোসেনের পুত্র মো. ইসমাইল (২৬)। র্যাব–৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল পটিয়ার চক্রশালা জুলুর দিঘীর পাড়স্থ এস এম কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে চট্টগ্রামগামী লেনের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন গাড়ি তল্লাশি করে টেক্সি থেকে মো. জাফর আলম ও মো. ইসমাইলকে আটক করা হয়। পরবর্তীতে জাফরের দুই পায়ে বিশেষ কৌশলে স্কচটেপ দ্বারা পেঁচানো ৩ হাজার ৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের ও জব্দকৃত মাদকদ্রব্য পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক নিশ্চিত করেন।











