আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রাম এক অবহেলিত জনপদের নাম। এক সময় আনোয়ারায় এ গ্রামটি সাঁকোর গ্রাম হিসেবে পরিচিতি ছিল। এ গ্রামে যাতায়াতের একমাত্র প্রধান সড়ক কৈখাইন সড়কের বেহাল দশায় গ্রামে বসবাসকারী ১০ হাজারেরও বেশি মানুষের জনজীবনে নাভিশ্বাস উঠে।
ভৌগোলিকভাবে আনোয়ারা সদরের অতি কাছে এ গ্রামের অবস্থান হলেও উপজেলা সদর থেকে ৭/৮ কিলোমিটার পথ মাড়িয়ে এ গ্রামের মানুষ উপজেলা সদরের সাথে যাতাযাত রক্ষা করে থাকেন। বর্তমানে সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কাজ কাজ না হওয়ায় এ সড়কের ৩ কিলোমিটারের বেশি অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে সড়কটিতে যানবাহন ও সাধারণ মানুষের হাঁটা চলাচলে চরম দুর্ভোগের শিকার। বর্তমানে সড়কটি বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে চলতি বর্ষায় এ সড়কের যাতায়াত ব্যবস্থায় এলাকার বয়স্ক নারী পুরুষ, প্রসূতি মা ও স্থানীয় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার। স্থানীয়দের অভিযোগ কৈখাইন থেকে নোয়ারাস্তা পর্যন্ত মাত্র ১ কিলোমিটার বেঁড়িবাধের মাটির সড়কটি সংস্কারপূর্বক পাকাকরণের উদ্যোগ গ্রহণ করলে উপজেলার সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি হবে এবং কৈখাইনসহ স্থানীয় ১৫ হাজারের বেশি মানুষ সুফল ভোগ করবে। স্থানীয় বাসিন্দা উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক বলেন, আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখান গ্রামে বর্তমানে ১০ হাজারের বেশি মানুষ বসবাস করে। উপজেলা সদরের অতি কাছে এই গ্রামের অবস্থান হলেও সড়ক যোগাযোগ ব্যবস্থার কারনে স্থানীয়রা অনেক ভোগান্তিতে আছে। এ গ্রামের এক মাত্র কৈখাইন সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কের তিন কিলোমিটারের বেশি অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ায় এলাকার মানুষ অবর্ণীয় দুর্ভোগ পোহাচ্ছে। এ ব্যাপারে এলাকার সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম অতি দ্রুত সড়কটি মেরামত করে দেওয়ার আশ্বাস প্রদান করেছেন। এ বিষয়ে আনোয়ারা উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল আলম চৌধুরী বলেন, কৈখাইন সড়কটি সংস্কারের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। অনুমোদনের পর কাজ শুরু হবে।











