কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ২শ কৃষক পরিবারের মাঝে ৫ কেজি করে বিনামূল্যে রোপা আমন জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজধান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। এ সময় কৃষি বিভাগের উপ–সহকারী কৃষি অফিসার এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব জানান, সাম্প্রতিক বন্যায় রোপা আমন স্থাপনকারী ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন জাতের বীজ সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এই ধান বীজ বিতরণ করা হয়।











