নগরীতে অভিনব কায়দায় এক ব্যাংক গ্রাহকের ১ লাখ ৭৯ হাজার ৯৮৬ টাকা লুট করে নিয়ে গেছে একটি প্রতারক চক্র। গত ২৩ জুলাই আইএফআইসি ব্যাংক চকবাজার শাখার গ্রাহক মোহাম্মদ আবদুল ওয়াহেদের একাউন্ট থেকে অভিনব প্রতারণার ফাঁদ পেতে চার দফায় বিকাশ এবং নগদে অনলাইনে ট্রান্সফার করে এই টাকা আত্মসাৎ করে এই প্রতারক চক্রটি। এই ব্যাপারে গতকাল কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী গ্রাহক মোহাম্মদ আবদুল ওয়াহেদ।
প্রতারণার শিকার ব্যাংকের গ্রাহক মোহাম্মদ আবদুল ওয়াহেদ জানান, এই টাকা গুলো আমার এলাকার একটি এতিমখানার। আমার একাউন্টে ছিল। আমার প্রবাসী ভাইয়ের দীর্ঘদিনের একটি পুরনো একাউন্টের টাকা নমিনি হিসেবে আমার একাউন্টে ট্রান্সফারের কথা বলে প্রতারক চক্রটি টাকা গুলো আত্মসাৎ করেছে।
থানায় জিডিতে উল্লেখ করা হয়, গত ২৩ জুলাই দুপুর সাড়ে ১২টায় ভুক্তভোগী গ্রাহক মোহাম্মদ আবদুল ওয়াহেদ কোতোয়ালী থানাধীন আসাদগঞ্জে তার এলাকায় ত্রাণের জন্য ঢেউ টিন ক্রয় করতে গেলে এই নাম্বরের ০১৭৪৩৫৫৫৬৫২ হোয়াসটসঅ্যাপ থেকে অজ্ঞাতনামা প্রতারকচক্রটি তাকে মোবাইলে ফোন দিয়ে জানায় যে, তিনি আগ্রাবাদ কর্মাশিয়াল ব্যাংক অব সিলন থেকে কল করেছেন। ওই ব্যাংকে তার ছোট ভাইয়ের একাউন্টটিতে দীর্ঘদিন লেনদেন হচ্ছে না। এই একাউন্টে থাকা ৯৭০০ টাকা নমিনি হিসেবে তার একাউন্টে হস্তান্তরের জন্য তার অন্য ব্যাংকের একটি একাউন্ট নাম্বার এবং একাউন্টের ডেবিট কার্ডটি ভিডিও কলে দেখাতে বলেন। এসময় প্রতারক চক্রটি মোহাম্মদ আবদুল ওয়াহেদের মোবাইলে একটি ওটিপি প্রেরণ করে এবং সেটি তাদেরকে দিতে বলে। গতকাল মোহাম্মদ আবদুল ওয়াহেদ বিকাল ৩টায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য গেলে ব্যাংক স্টেটমেন্টে দেখতে পান তার একাউন্ট থেকে অনলাইনের মাধ্যমে বিকাশ ও নগদে চার দফায় ১ লাখ ৭৯ হাজার ৯৮৬ টাকা লুট করে নিয়ে যায়।











