কক্সবাজারে মহেশখালীতে এক্সেলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালটি পুরো সক্ষমতায় ফেরাতে সেটি আবার সাময়িকভাবে বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, কোন সময়ে টার্মিনালটি বন্ধ রাখলে শিল্প, বিদ্যুৎ ও অন্য গ্রাহকের ওপর সবচেয়ে কম প্রভাব পড়বে, তা নিয়ে এক্সেলারেট এনার্জির সঙ্গে আলোচনা চলছে।
গতকাল ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, এঙেলারেট এনার্জি পরিচালিত এফএসআরইউতে সমস্যার কারণে দেশে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে। এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনো পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। খবর বিডিনিউজের।
ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ–এফইআরবি আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট : সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি এলএনজি টার্মিনালে সমস্যা হওয়ার পর সারা দেশে গ্যাস সরবরাহে বড় চাপ তৈরি হয়েছে। তার মতে, এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আগে থেকেই বিকল্প অবকাঠামো থাকা দরকার ছিল।
বিনিয়োগ করতে চায় বিদেশি উদ্যোক্তা : দেশে নতুন ও বড় পরিসরের এলএনজি টার্মিনাল স্থাপনে একটি বিদেশি বেসরকারি উদ্যোক্তা গোষ্ঠী আগ্রহ দেখিয়েছে বলে তুলে ধরেন জ্বালানি প্রতিমন্ত্রী। তবে তিনি ওই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি। তারা বড় পরিসরে এলএনজি টার্মিনাল করতে আগ্রহ দেখিয়েছেন। সরকার তাদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব চেয়েছে। প্রস্তাব পাওয়ার পর তা পরীক্ষা করে দেখা হবে।
বর্তমান গ্যাস সংকটের প্রেক্ষাপটে এলএনজি গ্রহণ ও সরবরাহের অবকাঠামো বাড়ানোর প্রয়োজনীয়তাও সেমিনারের আলোচনায় উঠে আসে। তিনি বলেন, প্রথমে যারা আগ্রহ দেখিয়েছিল, তাদের মধ্যে জিটুজি পদ্ধতিতে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করা হয়েছে। এরপর একটি সংক্ষিপ্ত তালিকা ধরে প্রক্রিয়া এগোনো হয়েছে। দ্রুত প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন থেকেই জিটুজি পদ্ধতি বেছে নেওয়া হয়েছে।
উৎপাদন না বাড়ালে সমাধান নেই : দেশে গ্যাস উৎপাদন বাড়ানো ছাড়া বর্তমান জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদি সমাধান হবে না বলে মনে করেন জ্বালানি প্রতিমন্ত্রী। দেশে উৎপাদন বাড়াতে না পারলে যত আলোচনা করা হোক, তাতে স্থায়ী সমাধান আসবে না। সমুদ্রে তেল–গ্যাস অনুসন্ধানের জন্য সরকার নতুন দরপত্র দিয়েছে। আগামী নভেম্বরে এই দরপত্রের সময় শেষ হবে। সরকার আশা করছে, আন্তর্জাতিক তেল–গ্যাস কোম্পানিগুলো এবার বাংলাদেশের ‘অফশোর ব্লকে’ আগ্রহ দেখাবে। বাংলাদেশের অতীতে সফল অফশোর বিডিং রাউন্ডের অভিজ্ঞতা রয়েছে। সমুদ্রের পাশাপাশি স্থলভাগেও নতুন তেল–গ্যাস অনুসন্ধান দরপত্র আনার প্রস্তুতি চলছে। যত দ্রুত সম্ভব এ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
হিউস্টন যেতে চান টুকু : সমুদ্রে গ্যাস অনুসন্ধানে বড় আন্তর্জাতিক কোম্পানিকে আনতে সরাসরি প্রচারের পরিকল্পনার কথা বলেছেন জ্বালানিমন্ত্রী টুকু। তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে তার কথা হয়েছে। তিনি হিউস্টনে যেতে চান। সেখানে বড় তেল–গ্যাস কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে বাংলাদেশের ‘অফশোর’ দরপত্রে অংশ নেওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানাতে চান।
বাপেঙ কর্মকর্তাদের প্রশিক্ষণ : রাষ্ট্রায়ত্ত তেল–গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেঙের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরেন জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি বলেন, শুধু নতুন যন্ত্রপাতি কিনে দিলেই বাপেঙের সক্ষমতা বাড়বে না। প্রতিষ্ঠানের প্রকৌশলী ও কর্মকর্তাদের দীর্ঘমেয়াদী কারিগরি প্রশিক্ষণও প্রয়োজন।
জ্বালানিমন্ত্রী টুকু বলেন, জ্বালানি সংকট নিয়ে শিল্পোদ্যোক্তাদের পাশাপাশি দেশের বিশেষজ্ঞদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়া দরকার। সেমিনারের আলোচনা শোনার পর তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে এমন একটি বৈঠকের প্রস্তাব দেবেন।











