ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের মামলায় অবসরপ্রাপ্ত এক সার্ভেয়ারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার নাম মো. নুর চৌধুরী। সর্বশেষ তিনি মীরসরাই ভূমি অফিসে কর্মরত ছিলেন। এর আগে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এলএ শাখায়। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
পটিয়া উপজেলার পাইরল এলাকার বাসিন্দা নুর চৌধুরীকে কারাগারে পাঠানোর এ তথ্য আজাদীকে নিশ্চিত করেছেন দুদক পিপি রেজাউল করিম রনি। আদালতসূত্র জানায়, চট্টগ্রামের ভূমি অধিগ্রহণ শাখায় ০৬/২০১৩–১৪ নম্বর অধিগ্রহণ মামলার আওতাধীন নগরীর উত্তর পতেঙ্গা মৌজার জমির মালিকানা সংক্রান্ত রেকর্ডপত্র জালিয়াতির মাধ্যমে তৈরি ও ব্যবহার করা হয়। পরে এসব কাগজপত্রের ভিত্তিতে জমির ক্ষতিপূরণ বাবদ সরকারি কোষাগার থেকে ১ কোটি ১৩ লাখ ১৪ হাজার ২৭০ টাকা ২ পয়সা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলার এজহারে বলা হয়, সংশ্লিষ্ট জমির মালিকানা নিয়ে বিরোধ এবং আদালতে মামলা চলমান থাকলেও ভূমি অধিগ্রহণ শাখার কয়েকজন কর্মকর্তা–কর্মচারী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই না করেই ক্ষতিপূরণ দেওয়ার পক্ষে প্রতিবেদন দিয়ে দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হয়। মামলায় নুর চৌধুরীসহ মোট ১৯ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়। বর্তমানে মামলাটি চার্জগঠন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দুদক পিপি রেজাউল।












