তরুণদের ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে পদযাত্রা

ভারতে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ

| মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে চাকরিপ্রার্থী তরুণরা বিধানসভা অভিমুখী মিছিল করেছে। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) ও স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) পরীক্ষার সংস্কারের দাবিতে সোমবার হাজার হাজার শিক্ষার্থী রাজ্যের বিধানসভা অভিমুখে রওনা হন। রাজ্যের রাজধানী রাঁচিতে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এগোতে চাইলে পুলিশ বাধা দেয়, লাঠিচার্জ করে ও জলকামান থেকে পানি ছোড়ে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের কারণে ক্যারিয়ার অনিশ্চয়তায় পড়ার প্রতিবাদে গত ২৫ জুলাই শুরু হওয়া তরুণদের আন্দোলন সোমবার ১৬তম দিনে গড়ায়। এদিন সকালে ট্রেন, বাসসহ বিভিন্ন যানবাহনে চড়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শিক্ষার্থী রাঁচিতে জড়ো হন। অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্র মাহতো আগেই আন্দোলনকারীদের পুলিশের সঙ্গে তর্কে না জড়িয়ে সুশৃঙ্খলভাবে বিধানসভায় যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। খবর বিডিনিউজের।

তবে জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে হাজার হাজার শিক্ষার্থী বিধানসভা ঘেরাও করতে এগোলে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ বাধা দেয়। শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও তীব্র বেগে জলকামান ব্যবহার করা হয়। জলকামানের তোড়ের সামনেও অনেক শিক্ষার্থীকে পাটনার নিট আন্দোলনের মতো নাচতে দেখা গেছে বলে লিখেছে এনডিটিভি। একজন শিক্ষার্থী এনডিটিভিকে বলেন, সরকারের উচিত আমাদের কথা শোনা আর জবাব দেওয়া। বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঁচিজুড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং সেখানকার বেশিরভাগ স্কুল বন্ধ ঘোষণা করা হয়।

শিক্ষার্থীদের রাজধানীমুখী হওয়া ঠেকাতে মহাসড়ক ও শহরের প্রান্তে বাস ও ব্যক্তিগত যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে, পুরো নিয়োগ পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, অনিয়মের অভিযোগে ১৩টি পরীক্ষা বাতিল এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) দিয়ে জালিয়াতির ঘটনার তদন্ত। রোববার রাজ্য সরকারের নিয়োগ করা প্যানেলের সঙ্গে শিক্ষার্থীদের ষষ্ঠ দফার আলোচনাও ব্যর্থ হয়।

পূর্ববর্তী নিবন্ধইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহসেন রেজায়ি