পর্যটকদের সঙ্গে অসদাচরণ ও প্রশাসনের নির্দেশনা অমান্যের অভিযোগে বান্দরবানের থানচিতে নয় দিনের ব্যবধানে তিনজন নিবন্ধিত পর্যটক গাইডকে বহিষ্কার করেছে উপজেলা প্রশাসন।
সর্বশেষ গত রোববার উপজেলা প্রশাসনের এক অফিস আদেশে সাশৈথোয়াই মারমা নামে এক পর্যটক গাইডকে বহিষ্কার করা হয়। এর আগে ২ আগস্ট একজন এবং ৬ আগস্ট আরও একজন গাইডকে বহিষ্কার করা হয়েছিল। ফলে চলতি আগস্ট মাসে এ পর্যন্ত তিনজন পর্যটক গাইড বহিষ্কারের মুখে পড়েছেন। খবর বাসসের।
সর্বশেষ বহিষ্কারাদেশে বলা হয়, উপজেলা প্রশাসন কর্তৃক নিয়োগপ্রাপ্ত পর্যটক গাইড সাশৈথোয়াই মারমা, বাবা চাই অং প্রু মারমা, ওয়েলাওয়াও পাড়া, ৬ নম্বর ওয়ার্ড, থানচি–প্রশাসনের নিয়ম অমান্য করে পর্যটকদের সঙ্গে অসদাচরণ করেছেন।
গত ৮ আগস্ট পর্যটন তথ্যসেবা কেন্দ্রের সামনে পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।












