মীরসরাই ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি কারখানা থেকে মালামাল লুটের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার রাত ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত মীরসরাই ইকোনমিক জোনের বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্মাণাধীন কারখানায় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল হামলা চালায়। এ সময় তারা কারখানায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তিনটি মোবাইল ফোন ও আনুমানিক ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গত ৯ আগস্ট জোরারগঞ্জ থানায় ডাকাতির অভিযোগে মামলা করা হয়।
এরপর পুলিশের টানা ৩২ ঘণ্টার অভিযানে মীরসরাই ইকোনমিক জোন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মেহেদী হাসান (২৩), মো. রাকিব (২১), সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪), এমদাদুল হক প্রকাশ এমরান (২৮), মিজান উদ্দিন (৩২), মো. সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪) ও ইউসুফ (২৬)। তাদের সবাই জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। গ্রেপ্তারদের মধ্যে মেহেদী হাসান, মো. রাকিব ও এমদাদুল হক প্রকাশ এমরানের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার ভোর পৌনে ৫টার দিকে লুট হওয়া বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান গ্রেপ্তারকৃত সাতজনকে আদালতে পাঠানো হয়েছে। আদালত ইউসুফকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।












