একটা শিশু জন্মের পর থেকে তার পরিবার থেকে নৈতিক মূল্যবোধ অর্জন করে থাকে। যে পরিবারের সদস্যদের নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে কোনো শিক্ষা দেওয়া হয় না, সে পরিবারে দুঃখ–কষ্টের কোনো সীমা নেই। ফলে সে পরিবারের কেউ নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে পারে না। যখন কারো মাঝে মনুষ্যত্ব থাকে না তখন তার মাঝে পশুত্ব এসে ভর করে। এভাবেই একটি পরিবারে অমানুষের জন্ম হয়। যার কারণে এভাবে শুধু যে একটি পরিবারেরই ক্ষতি হয় বিষয়টি তা নয়। সাপে কাটলে যেমন বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়ে তেমনি সমাজে একজন খারাপ মানুষ থাকলে তার দ্বারা পুরো সমাজ প্রভাবিত হয়।
আজকাল মানুষের মাঝে মনুষ্যত্ব নেই বললেও খুব একটা বাড়িয়ে বলা হয় না, নেই কোনো নৈতিক ও মানবিক মূল্যবোধ। মানবিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে সমাজে নিষ্ঠুর কাজগুলোর পুনরাবৃত্তি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। যার কারণে দেশ ও জাতিকে সংকটে পড়তে হয়। বিশ্বের দরবারে মুখ দেখানো আজ বড়ই কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে একজন মানুষ যদি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন হয় তাহলে তার জীবন হয় সহজ, সুন্দর ও আলোকিত। তাই সমাজের একজন মানুষও যেন অমানুষ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি পরিবারের দায়িত্ব ছোটবেলা থেকেই আপনার সন্তানকে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। সন্তান অমানুষ হোক তা কখনো কোনো বাবা–মার কাম্য নয়, তবু যদি এমনটি হয়ে যায় তাহলে তাকে নিয়মিত কাউন্সেলিং করুন, তাকে ঘৃণা না করে বুঝিয়ে সুপথে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করুন। তার মাঝে মনুষ্যত্ববোধ জাগিয়ে তুলুন।












