চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা শনিবার ফেইসবুকে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সংস্থাটির প্রকাশিত উদ্দেশ্যে মধ্যে রয়েছে– উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা গভীরকরণ; বৈশ্বিকভাবে ডিজিটাল বিভক্তি কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রসার; বৈশ্বিক এআইয়ে অগ্রগতির ক্ষেত্রে উন্মুক্ত, নিরপেক্ষ ও বৈষম্যমুক্ত পরিবেশকে সমর্থন এবং নতুন ও ক্রমবিকাশমান এই প্রযুক্তি যেন মানুষের জন্য উপকারী ও নিরাপদ থাকতে পারে, সে লক্ষ্য নিয়ে এআই রেগুলেশন তৈরির কাজ এগিয়ে নেওয়া।
চীনের সবচেয়ে বড় বাণিজ্য নগরী সাংহাইকে সদরদপ্তর করে ১৬ জুলাই আন্তঃসরকার এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে ২৯ দেশকে সদস্য করে বিশ্ব এআই সম্মেলনের উচ্চ পর্যায়ের একটি সভায় এই জোটের ঘোষণা দেয় চীন। চীনের সঙ্গে এই জোটে প্রাথমিক সদস্যদের মধ্যে রাশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল,মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগালসহ ‘গ্লোবাল সাউথ’ এর আরো দেশ রয়েছে। ওই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি তৈরি ও ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা করতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।












