ফুলকিতে ছোটদের ঋতুভিত্তিক সাহিত্য আসর ‘বরিষণ’

| শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:১৬ পূর্বাহ্ণ

ফুলকি এ কে খান স্মৃতি মিলনায়তনে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ঋতুভিত্তিক সাহিত্য আসর ‘বরিষণ’। নজরুলের বিখ্যাত গান ‘মেঘের ডমরু ঘন বাজে’ কলাব্রতী দেবলীনা চৌধুরীর পরিচালনায় মুগ্ধ শ্রেণির শিশুদের এ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ব্যাপ্তি শ্রেণির শিশুরা পরিবেশন করে রবিঠাকুরের বিখ্যাত কবিতা ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’। এছাড়াও ছিল বর্ষা নিয়ে শিশুদের চমৎকার অনুভূতির প্রকাশ, জীবনশৈলি কলাব্রতী সোহেল লুৎফুল হাসনাত এর পরিচালনায় তথ্যচিত্র প্রদর্শন এবং শিশুদের আঁকা ও লেখা নিয়ে দেয়ালপত্রিকা প্রদর্শন।

বিশেষ অতিথি নাট্যব্যক্তিত্ব, ছড়াকার অধ্যাপক সনজীব বড়ুয়া আসরের অতিথি হিসেবে বর্ষাকালে নিজের ছোটবেলার অনুভূতি শিশুদের সাথে ভাগ করে নেন। তিনি বর্ষা নিয়ে নিজের লেখা কিছু ছড়াপংক্তি পাঠ করে শোনান। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেছেন, আমরা যেন প্রকৃতি ধ্বংস না করে প্রকৃতিকে ভালোবাসি, তাহলেই আমরা ষড়ঋতুর সুফল ভোগ করতে পারবো। কলাব্রতী অর্পিতা চৌধুরীর পরিচালনায় বিখ্যাত শিশু সাহিত্যিক ইন্তিজার হুসেইন এর গল্প ‘বাদল’ অবলম্বনে নাটিকা ‘মেঘ’ পরিবেশনার মধ্য দিয়ে সাহিত্য আসরের সমাপ্তি ঘটে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রন্থাগারিক উমা ব্যানার্জী এবং উপগ্রন্থাগারিক তন্নী বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রোগ্রেসিভ ওয়েস্ট লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব চট্টগ্রাম মিডটাউনের বৃক্ষরোপণ কর্মসূচি