নগরীর ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আবদুর পাড়া ও শাপলা আবাসিক এলাকায় ওয়াসার গ্রাহকরা ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি পাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাহাড়তলী থানাধীন ওই এলাকার বাসা–বাড়িতে এ পানি ব্যবহার করে কেউ কেউ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বলে বাসিন্দারা দাবি করেছেন।
আবদুর পাড়া এলাকার বাসিন্দা মো. মফিজ উল্ল্যাহ বলেন, আমাদের এলাকায় স্যুয়ারেজের কাজ চলছে। এ কাজে বিভিন্ন স্থানে ওয়াসার পানি সরবরাহ লাইন ফেটে যায় ও কোথাও কোথাও বাসা–বাড়ির লাইন কাটা পড়ে। তখন ওইসব লাইন মেরামতও করা হয়। কিন্তু কোথাও কোথাও ফুটো রয়ে যায়। পানি লিকেজ হয়। রাস্তায় সারাদিন পানি পড়তে দেখা যায়। পানি সরবরাহ যেদিন করা হয় তখন লাইনে আগে থেকে ঢুকে পড়া ময়লা দুর্গন্ধযুক্ত পানি চলে আসছে বাসা বাড়িতে। গ্রাহকরা না দেখে কেউ কেউ এসব পানি রিজার্ভারে ঢুকিয়ে নিচ্ছেন। এতে করে রিজার্ভারে থাকা পানিও নষ্ট হয়ে যাচ্ছে। চট্টগ্রাম ওয়াসা কতৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে বলে জানান মফিজ উল্ল্যাহ এবং দ্রুত ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
শাপলা আবাসিকের কয়েকজন বাসিন্দা জানান, পানি সরবরাহের শুরুতে ও শেষের দিকে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি পাওয়া যাচ্ছে। দেখেশুনে না নিলে রিজার্ভারে থাকা পানিও নষ্ট হয়ে যায়।
শাপলা আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি আয়কর আইনজীবী মো. রফিকুল ইসলাম বলেন, এলাকার বাসা–বাড়িতে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি পাওয়া যাচ্ছে বলে বাসিন্দারা তার কাছে অভিযোগ করছেন।












