চট্টগ্রামে আরো ১৫ জন ডেঙ্গু আক্রান্ত

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৬:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ৮৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। এর মধ্যে একজন পুরুষ ও দুইজন মহিলা। এছাড়া চলতি জুলাই মাসে গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৩৬ জন ও মৃত্যু হয়েছে দুইজনের। তার আগে জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ২২ জন ও মৃত্যু ১ জন এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৬৮ জন।

এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৫ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩ জন। অন্যদিকে চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৪৮০ জন পুরুষ, ২১৬ জন মহিলা এবং ১৩৮ জন শিশু রয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন, মারা যান ১০৭ জন। ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ফসল হারিয়ে দিশেহারা সোয়া লাখ কৃষক
পরবর্তী নিবন্ধসিএনজির দাম বাড়াতে চায় পেট্রোবাংলা