ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদন | শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১২:১৩ অপরাহ্ণ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার ভাইস চ্যান্সেলর দপ্তরের সহকারী রেজিস্ট্রার মোঃ মাহবুবুর রহমান বৃহস্পতিবার (৩০ জুলাই) বোয়ালখালী উপজেলার কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিদর্শন করেন।

পরিদর্শনের শুরুতে তিনি মাদ্রাসার বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করে পাঠদান কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এরপর তিনি মাদ্রাসার দেওয়ালিকা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।

পরে মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, যুগোপযোগী শিক্ষা নিশ্চিতকরণ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে তিনি মাদ্রাসা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে আরও বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
এরপর তিনি মাদ্রাসার শ্রেণি কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, অফিস পরিচালনা, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, উপস্থিতি, আয়-ব্যয়ের হিসাব, বিভিন্ন দপ্তরের নথিপত্র এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিশেষে মাদ্রাসার শিক্ষক কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এ সময় তিনি শিক্ষকবৃন্দের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করে বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো সুশৃঙ্খল প্রশাসন, মানসম্মত শিক্ষা, জবাবদিহিমূলক ব্যবস্থাপনা এবং শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা।”
তিনি আরও বলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহকে যুগোপযোগী ও গুণগত শিক্ষার কেন্দ্রে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরিদর্শন শেষে তিনি মাদ্রাসার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষা ও প্রশাসনিক উৎকর্ষতা বজায় রেখে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মুজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুনিরুল ইসলাম, দাতা সদস্য, গভর্নিং বডি এবং জনাব মোঃ শফিকুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য, গভর্নিং বডি। এছাড়াও গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে লবণমাঠ দখল নিয়ে গোলাগুলি, যুবক নিহত