প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ২১তম এস্ট্রো অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব। সম্প্রতি দামপাড়াস্থ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রেজেন্টস ২১তম এস্ট্রো অলিম্পিয়াডে স্কাই ওয়াচার্স ক্লাবের সহযোগিতায় আঞ্চলিক পর্ব শেষ হয়। এর আগে সংগীত সংগঠন শ্রুতি নন্দনের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আঞ্চলিক পর্বটি পরিদর্শন করেন ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, ড. জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রের অধ্যাপক ড. অঞ্জন চৌধুরী, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এবং চবি ডেপুটি রেজিস্ট্রার শরীফ মাহমুদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তুষার, স্কাই ওয়াচার্স ক্লাবের প্রধান গৌতম পাল, ইঞ্জিনিয়ার সানজিদা আক্তার মনি, ইশতিহাদ হোসেন শিপন, মানস চৌধুরী জনি ও মুরাদ হাসান।
অতিথিবৃন্দ বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, কৌতূহল, যৌক্তিক চিন্তা ও উদ্ভাবনী মনোভাব বিকাশে এস্ট্রো অলিম্পিয়াডের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের প্রতিযোগিতা শুধু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নতুন প্রজন্মকে মহাবিশ্ব সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করে এবং আন্তর্জাতিক মানের বিজ্ঞানী ও গবেষক হিসেবে নিজেদের গড়ে তোলার অনুপ্রেরণা জোগায়।
এরপর জুনিয়র ও সিনিয়র ২ বিভাগে অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে আয়োজকরা জানান, জুনিয়র ও সিনিয়র ২ বিভাগ মিলিয়ে মোট ২১ জন মেধাবী শিক্ষার্থী জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছেন। জাতীয় পর্বে তারা চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন। সেখান থেকে সেরা প্রতিযোগীরা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।স্কাই ওয়াচার্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, দেশের তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চা জনপ্রিয় করা এবং মহাকাশ বিজ্ঞানকে সহজ ও আনন্দময়ভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে বিজ্ঞানভিত্তিক এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ক্যানভাস পাপেট ক্লাবের পরিবেশনায় পাপেট শো ও কণ্ঠশিল্পী আলমগীর কবির সংগীত পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












