বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থী ও মার্শাল আর্টিস্ট ইয়াসার আহমদ জীম সাভারে বিকেএসপি ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল বুধবার ভোররাত আনুমানিক দেড়টার দিকে বিকেএসপি ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। নিহত জীম মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা ও মেহেরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমদের দ্বিতীয় ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসার আহমদ জীম ছিলেন বিকেএসপির একজন সম্ভাবনাময় মার্শাল আর্ট শিক্ষার্থী। তিনি দশম সাউথ এশিয়ান গেমসের শিরোপাসহ ৩টি স্বর্ণ ও ৩১টি রৌপ্য পদক অর্জন করেছিলেন। বিকেএসপি কর্তৃপক্ষ বুধবার ভোররাতে তার পরিবারকে জানায়, রাত ১টা ৪০ মিনিটের দিকে জীম সীমানা প্রাচীর ডিঙিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যান।
বুধবার বিকেএসপি কমপ্লেঙে তার প্রথম জানাজা শেষে মরদেহ মহেশখালীতে আনা হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মহেশখালীর কুতুবজোম মেহেরিয়াপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে।










