খাদ্য দ্রব্যে তেলাপোকা ও বাসি খাবার বিক্রি

হান্ডি-জামান রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৫:২১ পূর্বাহ্ণ

নগরীর দামপাড়া ওয়াসা এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাদ্য দ্রব্যে তেলাপোকা, পোড়া তেল ব্যবহার ও বাসি খাবার বিক্রিসহ নানা অপরাধে হান্ডি রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।

গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্লাহ। তিনি বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, খাদ্যদ্রব্যে তেলাপোকা পাওয়ায় হান্ডি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া পোড়া তেল ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে সিপি ৫ স্টার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং পুরাতন বেগুনি ও বাসি খাবার বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে জামান রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসাভার বিকেএসপি ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহেশখালীর স্বর্ণজয়ী মার্শাল আর্টিস্ট নিহত
পরবর্তী নিবন্ধপ্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের বাঁশি বাজার অপেক্ষায় চট্টগ্রাম