চট্টগ্রামে গতকাল নতুন করে আরও ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ৭৭১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। এরমধ্যে পুরুষ ও দুইজন মহিলা।
এছাড়া চলতি জুলাই মাসে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪৭৩ জন ও মৃত্যু হয়েছে দুই জনের। তার আগে জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন আক্রান্ত ও ১ জনের মৃত্যু এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬৮ জন।
এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৬ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ জন। অন্যদিকে, চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৪৪৯ জন পুরুষ, ১৯৫ জন মহিলা এবং ১২৭ জন শিশু রয়েছে।
উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।












