দক্ষিণ রাউজানে থানা করা হবে নোয়াপাড়ায় হবে পৌরসভা

আলোচনা সভায় গিয়াস কাদের চৌধুরী এমপি

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৬:২৪ পূর্বাহ্ণ

জুলাই২০২৪এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাউজান সংসদীয় আসনের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আমার রাজনীতি জনকল্যাণে কাজ করা। আমি জানি কোন এলাকায় কি সমস্যা আছে। সম্ভাবনা আছে। জমে থাকা এসব সমস্যা সমাধানে কাজ শুরু করেছি। কাজ করছি সব সম্ভাবনাকে কাজে লাগাতে।

আমি এলাকার মানুষের চাওয়া পাওয়া কি তা বুঝি। দক্ষিণ রাউজানের মানুষ কি চায় আমার জানা আছে। তাদের প্রতাশা একটি থানা । ইনশাআল্লাহ দক্ষিণ থানা করে দেব, নোয়াপাড়াকে করা হবে পৌরসভা। এই কাজের অগ্রগতি আগামী অক্টোবরের মধ্যে দেখতে পাবেন।

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত এই অনুষ্ঠান হয় চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের অডিটোরিয়ামে গত ২৫ জুলাই।

তিনি বক্তব্যের শুরুতে জুলাইগণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সংগঠনের সভাপতি আবদুল হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল হুদা চেয়ারম্যান, প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমদ। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। বক্তব্য রাখেন বিএনপি নেতা মোজাম্মেল হক, পাহাড়তলী বিএনপির সভাপতি নুরুল আলম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুফ তালুকদার, রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান শাহিল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবদুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য রাউজান বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্ব অপরিসীম। এই বিদ্যুৎ কেন্দ্রকে পূর্ণ সক্ষমতায় পরিচালনা করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগণভোটের ম্যান্ডেট অমান্য করলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের খাদ্যসামগ্রী বিতরণ